আদালত চত্বরে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীসহ আটক ৩

নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। তিনি জানান, ফতুল্লার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তাদের রিমান্ড আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং আরেক আইনজীবী মাহাবুব রহমান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে শহরের আল্লামা ইকবাল রোডের একটি বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে আটক করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্টস গলি থেকে গ্রেপ্তার করা হয় আইনজীবী মাহাবুব রহমানকে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারের পর বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

পুলিশের দাবি, আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্লোগান দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়ে আদালতে শুনানি হয়। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনসংক্রান্ত শুনানি ও পুনরায় জামিনের আবেদনের জন্য দিন নির্ধারিত ছিল। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টনীর মধ্যে ছিলেন আইভী। এ সময় তাকে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে স্লোগানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *