হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া ও নির্দেশনা জানানো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী সময় এমন নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য এটি অত্যন্ত হতাশাজনক ঘটনা।

আহত হাদির চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে নজরদারি করতে বিশেষ দিকনির্দেশনাও প্রদান করেন।

এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে কঠোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং হামলার পেছনে সংগঠিত কোনো পরিকল্পনা থাকলে তা উদ্ঘাটনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়।

তিনি আরও বলেন, নির্বাচন বানচাল বা ব্যাহত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধী যে-ই হোক, আইনের মুখোমুখি করতেই হবে।

সকল রাজনৈতিক দল, কর্মী-সমর্থক ও নাগরিকদের প্রতি শান্ত ও সংযমী থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করা যায়।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *