যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হেনস্তার ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন একদল ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে মনে করছে সরকার।
এতে আরও জানানো হয়, ঘটনার বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি, হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এবং দেশের সব নাগরিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
