ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি ‘বুলডোজার বাবা’ নামে পরিচিত, এবার বুলডোজারকে রাজ্যের নিজস্ব ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে বুলডোজার উৎপাদনে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএনএইচ ইন্ডাস্ট্রিয়ালকে উত্তর প্রদেশে কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি। মুসলিম, ভিন্নমতাবলম্বী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে কথিত অবৈধ স্থাপনা উচ্ছেদে বুলডোজার ব্যবহারের অভিযোগে আগে থেকেই সমালোচনার মুখে রয়েছেন যোগী। নতুন এই ঘোষণার পর বিষয়টি নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।
বৃহস্পতিবার গৌতম বুদ্ধ নগর জেলায় একটি ট্রাক্টর উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় যোগী বলেন, ‘উত্তর প্রদেশের বুলডোজার সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। আপনারা যখন এখানে ট্রাক্টর তৈরি করছেন, তখন বুলডোজারও তৈরি করতে পারেন।’
তিনি আরও বলেন, উত্তর প্রদেশে বুলডোজার ইতোমধ্যে একটি পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। ফলে রাজ্যটিতে এর উৎপাদন শুরু হলে ভারতীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও স্বাভাবিকভাবেই চাহিদা তৈরি হবে।
উল্লেখ্য, অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতীক হিসেবে যোগী আদিত্যনাথের শাসনামলে বুলডোজার বিশেষ রাজনৈতিক পরিচিতি পেয়েছে। বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় তার সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে। এ কারণেই যোগীর নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘বুলডোজার বাবা’ উপাধি।
তবে এসব অভিযানের নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছেন সমালোচকরা। তাদের অভিযোগ, কথিত অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে মুসলিম, ভিন্নমতাবলম্বী ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর বাড়িঘরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও ভারতীয় কর্তৃপক্ষের দাবি, আইনবহির্ভূত স্থাপনাগুলোই এসব অভিযানের আওতায় আনা হচ্ছে। দেশটির আইনে কোনো ব্যক্তিকে অপরাধের অভিযোগে অভিযুক্ত করার কারণে তার সম্পত্তি ধ্বংস করার সুযোগ নেই।
২০২৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্ট করে জানিয়ে দেন, কোনো অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে বুলডোজার দিয়ে তার সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া বেআইনি। কথিত অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রেও আদালত যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দেন।
এরপরও বুলডোজার অভিযান নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেননি যোগী আদিত্যনাথ। এবার সেই বুলডোজারকেই উত্তর প্রদেশের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তিনি।
সূত্র: মুসলিম মিরর
