সৎ মানুষ নেতৃত্বে এলে দুর্নীতি হ্রাস পাবে — দুদক চেয়ারম্যান

আগামী জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিদের বেছে নিতে পারলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তাঁর মতে, ভোটারদের উচিত দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে সৎ প্রার্থীদের নির্বাচিত করা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সম্পূর্ণভাবে এটি নির্মূল করা অত্যন্ত কঠিন। তিনি তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তার ভাষায়, দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব চলে। কিন্তু আমাদের বছরের এক দিনের কর্মসূচি দিয়ে তাদের লাগাম টানা সম্ভব নয়।
তিনি নির্বাচনে ভোটারদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোটে পরাজিত করতে পারলে দেশের দুর্নীতির হার অনেকটাই নেমে আসবে।

২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। আনকাক-এ (ইউএন কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন) স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের আরও ১৯১টি দেশ এ দিবস পালন করে থাকে।

এবারের প্রতিপাদ্য— ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।’
প্রতি বছরের মতো এবারও রাজধানীসহ ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় ব্যাপক আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পিকেএসএফসহ বিভিন্ন এনজিওতে নানা কর্মসূচিও নেওয়া হয়েছে।

বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে ২০০৭ সাল থেকে দুদক দিবসটি পালন করে আসছে এবং সরকারিভাবে ২০১৭ সাল থেকে এ দিবস উদযাপন শুরু হয়।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *