বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় এবার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা সংস্থা রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এবারের তালিকায় তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের আরও দুই নারী স্থান পেয়েছেন। তারা হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা। সামাজিক বিষয়াবলি বা ‘সোশ্যাল ইস্যুজ’ বিভাগে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারেক রহমানের সংক্ষিপ্ত পরিচিতিতে প্রকাশনাটিতে উল্লেখ করা হয়েছে, তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিক। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তিনি। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর সময়ও বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন তিনি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এলে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফিরে আসেন তারেক রহমান। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাষ্ট্রক্ষমতায় ফেরে দলটি। পরে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের সমাপ্তি ঘটে।
অন্যদিকে, তালিকায় থাকা ড. হামিদা হোসেন দীর্ঘদিন ধরে মানবাধিকার, নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। তিনি একজন সুপরিচিত গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। এসব ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি নিয়মিত এই আন্তর্জাতিক তালিকায় জায়গা পাচ্ছেন।
এ ছাড়া রাজিয়া সুলতানাও মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং শরণার্থী নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় তার কাজের স্বীকৃতি হিসেবে এবারের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে নতুন প্রকাশিত ২০২৭ সালের সংস্করণে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
আরআইএসএসসি জানিয়েছে, বিশ্বের আনুমানিক ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সামর্থ্য বিবেচনায় নিয়ে প্রতিবছর এই তালিকা তৈরি করা হয়। প্রকাশনার রীতি অনুযায়ী, কেবল প্রথম ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। অবশিষ্ট ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো অবস্থান বা ক্রম না দিয়ে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে ভাগ করা হয়।
২০২৭ সালের তালিকায় বাংলাদেশের তিনজনই এই র্যাংকিংবিহীন ৪৫০ জনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
