রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে এক চিকিৎসককে ধূমপান করতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন থাকায়ও অসন্তোষ জানান তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
শনিবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং রোগীদের সেবার মান পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। পাশাপাশি কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তার চোখে পড়ে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্বরত একজন চিকিৎসকের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
পরে হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
হাসপাতাল পরিদর্শনকালে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনাও দেন তিনি।
