পাঁচ কোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে সাবেক কাস্টমস কমিশনারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

সাবেক কাস্টমস কমিশনার বেলাল চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা

জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) এবং কাস্টমস বিভাগের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, বেলাল চৌধুরী তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ ১১ হাজার ১৬৬ টাকা মূল্যমানের সম্পদের তথ্য দিয়েছেন। অথচ তদন্তে তার নামে পাওয়া গেছে ১৩ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৮৭৯ টাকার সম্পদ। এতে প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদ গোপনের প্রমাণ মিলেছে বলে জানায় দুদক।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দায়-দেনা বাদ দিয়ে তার নিট সম্পদের পরিমাণ ৭ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৪১৩ টাকা, এবং পারিবারিক ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ ১৬ কোটি ৫০ লাখ ৯ হাজার ৪২৬ টাকা। এর বিপরীতে বৈধ আয়ের উৎস হিসেবে চিহ্নিত করা গেছে ১১ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৩০ টাকা

দুদকের হিসাব অনুযায়ী, জ্ঞাত আয় ছাড়াও বেলাল চৌধুরী ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

দুদক মনে করছে, তিনি সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন। বিশেষ করে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার এবং শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালেই এসব অনিয়ম সংঘটিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *