লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন তারেক রহমান
চলতি বছরের জুন মাসে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তারা দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে আলোচনা করেন। তবে এই বৈঠকে ঠিক কী কী বিষয় নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে এতদিন গণমাধ্যমে পরিষ্কার কোনো তথ্য প্রকাশ হয়নি।
এই প্রসঙ্গে তারেক রহমানের কাছে জানতে চায়, ওই বৈঠকে নির্বাচনের বাইরে অন্য কোনো প্রসঙ্গ উঠে এসেছিল কি না।
৭ অক্টোবর (মঙ্গলবার) প্রকাশিত একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন,
উনি একজন স্বনামধন্য ও প্রাজ্ঞ ব্যক্তি। তার সঙ্গে সৌজন্যমূলক আলোচনার সুযোগ হয়েছে। উনি জানতে চেয়েছিলেন—জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, তাহলে আমরা দেশ ও জনগণের জন্য কী ধরনের পদক্ষেপ নিতে পারি। মূলত এসব বিষয় নিয়েই আমাদের আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন,
আমি দেশের মানুষ, জনগণ ও রাষ্ট্রকে ঘিরে আমাদের ভাবনা তুলে ধরেছি। আমরা কী করতে চাই—সেই বিষয়গুলোই আলোচনায় এসেছে।
এ ছাড়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে প্রশ্ন করা হয়, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার খবরে এবং পরবর্তীতে ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে শীতলতা দেখা দিয়েছে, বিএনপি সরকারে এলে তাতে কোনো পরিবর্তন আসবে কি না।
তার জবাবে তারেক রহমান বলেন,
যদি ভারত একটি স্বৈরাচারী সরকারপ্রধানকে আশ্রয় দেয় এবং তাতে বাংলাদেশের জনগণ বিরক্ত হয়, তাহলে আমাদের কিছু করার থাকে না। দেশের মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে কার সঙ্গে সম্পর্ক রাখবে আর কার সঙ্গে রাখবে না। আমাকে জনগণের পাশে থাকতে হবে।
এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপি কেবল সরকারের পরিবর্তন নয়, রাজনীতির সংস্কার, ভারতের সঙ্গে বাস্তবভিত্তিক সম্পর্ক পুনর্গঠন, এবং অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো নিয়েও ভাবছে।
সূত্রঃ কালবেলা
