অবরোধে স্থবির চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক

হাটহাজারীতে হেফাজতের অবরোধ, চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরী নিহত হওয়ার ঘটনায় সকাল থেকে চলছে হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ। এর প্রভাবে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে পুরোপুরি থেমে গেছে যান চলাচল।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী এবং সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, রাঙামাটি ও খাগড়াছড়ির প্রবেশপথ হিসেবে পরিচিত হাটহাজারী বাসস্ট্যান্ড, হাটহাজারী বাজার, কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। পুরোপুরি অচল হয়ে পড়েছে চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক।

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী কালবেলাকে জানান,

মঙ্গলবার (৭ অক্টোবর) হাটহাজারী-রাউজান সড়কের শান্তির দ্বীপ এলাকায় একটি বাস হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি অভিযোগ করে বলেন,

ঘটনার পর হেফাজতের নেতাকর্মীরা বাসচালক, যানবাহন ও নিহত নেতার মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে গেলে পুলিশ তাদের পক্ষ থেকে লেখা একটি এজাহারে স্বাক্ষর করতে বলে। কিন্তু আমরা চাই, এ ঘটনায় ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ উল্লেখ করে মামলা নেওয়া হোক। পুলিশ তা না মানায় মামলা নেয়নি। এর প্রতিবাদেই আজকের অবরোধ।

হাটহাজারী উপজেলায় চলমান এই অবরোধের কারণে পার্বত্য অঞ্চলের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *