শাহজালালে লাগেজের চলাচল সরাসরি পর্যবেক্ষণে নতুন ব্যবস্থা, বসানো হলো ৩২ সিসিটিভি ও ১৮ মনিটর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় স্থাপন করা হয়েছে ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর।

শনিবার বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এ ব্যবস্থার ফলে যাত্রীরা এখন লাগেজ হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপ সরাসরি মনিটরে দেখতে পারবেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, পরিবহন, বাছাই এবং শেষ পর্যন্ত লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া লাইভ পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এতে নিজেদের লাগেজ কোথায় এবং কীভাবে পরিচালিত হচ্ছে, সে সম্পর্কে যাত্রীরা সহজেই ধারণা পাবেন।

বেবিচকের আশা, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি কার্যক্রমের দক্ষতাও উন্নত হবে। একই সঙ্গে লাগেজ নিয়ে যাত্রীদের উদ্বেগ কমবে এবং সেবার মান আরও বাড়বে।

সংস্থাটি জানায়, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে তারা কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে নিজেদের লাগেজ বুঝে নিতে পারেন, সে লক্ষ্যে যাত্রীবান্ধব ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করা হচ্ছে।

বেবিচকের মতে, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজের গতিবিধি সরাসরি দেখার এ ব্যবস্থা যাত্রীসেবার মানোন্নয়ন এবং লাগেজ ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *