সংসদ সদস্য হলে সব মোড়ে নিজের ফোন নম্বর ঝুলিয়ে রাখার প্রতিশ্রুতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কুড়িগ্রামের প্রতিটি সড়কের মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টাঙিয়ে রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নের পোদ্দারপাড়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন।

১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে কুড়িগ্রাম-২ আসন (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. আতিক মুজাহিদ।

জনসভায় উপস্থিত একাধিক ভোটার অভিযোগ করেন, অতীতে নির্বাচিত সংসদ সদস্যদের কেবল নির্বাচনের সময়েই এলাকায় দেখা গেছে, এরপর আর তাদের খোঁজ পাওয়া যায়নি। এর জবাবে ড. আতিক মুজাহিদ বলেন, তিনি জনগণের একজন দায়িত্বশীল প্রতিনিধি হতে চান। জনগণ যেন যেকোনো সময় তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে লক্ষ্যেই কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল নম্বর প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল কার্ডের প্রলোভন দেখিয়ে অপরাজনীতিতে জড়িত। আমরা এই কার্ডনির্ভর রাজনীতি বন্ধ করব। কুড়িগ্রামকে একটি কর্মচঞ্চল ও উৎপাদনমুখী জেলায় রূপান্তর করা হবে। কার্ড আর কম্বলের রাজনীতি দিয়ে আর এই জেলার মানুষকে পিছিয়ে রাখা যাবে না।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে এনসিপির এই প্রার্থী বলেন, বর্তমানে কুড়িগ্রামে অনেক চিকিৎসক থাকতে চান না এবং ঢাকায় বদলির জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করেন। আমরা এই ব্যবস্থা পরিবর্তন করব। চিকিৎসকদের ঢাকায় পাঠানো নয়, বরং আরও দক্ষ ও ভালো চিকিৎসক কুড়িগ্রামে নিয়ে আসার ব্যবস্থা করা হবে।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *