৭১ সাল থেকেই ভারত ও আওয়ামী লীগ সোনার বাংলাকে শ্মশানে পরিণত করতে কাজ করছে: রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)–এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, স্বাধীনতার পর থেকেই ভারত ও আওয়ামী লীগ মিলে সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় জাতীয় পার্টি ও ১৪ দলও বিভিন্ন সময়ে তাদের সহযোগিতা করেছে বলে দাবি করেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
রাশেদ প্রধান বলেন, আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে হিন্দুস্তানি-আওয়ামী ষড়যন্ত্র ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পাহাড়ে অশান্তি সৃষ্টি ও আগুন-সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা হরণ করা যাবে না। দেশের মানুষ আর ভারতীয় আধিপত্য মেনে নেবে না।
‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি’
তিনি বলেন, “দেশের মানুষ ভোট দিতে চায়। তাই জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের নির্দেশ দিতে হবে এবং গণভোট আয়োজন করতে হবে। প্রশাসন থেকে দলীয় প্রভাব দূর করতে হবে। ভারতীয় প্রভাব এবং দিল্লি থেকে ঠিক করে রাখা নির্বাচনের ফলাফল আর চলবে না। কেউ যদি ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতার ব্যবহার শুরু করে, জনগণ তা মেনে নেবে না।”
‘দিল্লির গোলামী নয়, স্বাধীনতার পথেই চলবে জাগপা’
অধ্যাপিকা রেহানা প্রধানের স্মৃতিচারণ করে রাশেদ প্রধান বলেন, শফিউল আলম প্রধান ও রেহানা প্রধান আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ’৮০-এর দশকে তাদের দেওয়া ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান আজ জাতীয় স্তরে পৌঁছে গেছে। রেহানা প্রধানের স্বপ্ন ছিল একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ—যে স্বপ্ন আজ বাস্তবতায় রূপ নিচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের চলতে হবে তাদের দেখানো পথে। আর কখনো দিল্লির গোলামী করা যাবে না। দিল্লির গোলাম আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলকে বিচারের আওতায় আনতে হবে।
সভায় উপস্থিত ছিলেন দলীয় শীর্ষ নেতারা
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার এবং যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।
সূত্রঃ কালবেলা
