তেল-গ্যাসবাহী ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যেও স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। হরমুজ প্রণালি অতিক্রম করে তেল ও গ্যাসবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পাশাপাশি আরও দুটি জাহাজ বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে।

রোববার (৮ মার্চ) সকালে কুতুবদিয়া ও মহেশখালী উপকূলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বোঝাই জাহাজগুলো এসে পৌঁছায়। বন্দরে পৌঁছানো ও পথে থাকা জাহাজগুলোর মধ্যে চারটিতে এলএনজি এবং দুটিতে এলপিজি রয়েছে। এছাড়া ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে আরও চারটি জাহাজ এসেছে। সব মিলিয়ে ১০টি জাহাজে প্রায় পৌনে চার লাখ টন তেল-গ্যাস রয়েছে।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, গত ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আগেই এসব জাহাজ ঝুঁকিপূর্ণ এই জলপথ অতিক্রম করতে সক্ষম হয়েছিল।

আগত জাহাজগুলোর মধ্যে কাতার থেকে পাঁচটি বড় এলএনজিবাহী কার্গো এসেছে। এর মধ্যে ফ্রান্সের পতাকাবাহী ‘আল জুর’ ৬৩ হাজার ৩৮৩ ইউনিট, গ্রিসের ‘আল জাসাসিয়া’ ৬৩ হাজার ৭৫ ইউনিট এবং বাহামার পতাকাবাহী ‘লুসাইল’ ৬২ হাজার ৯৮৭ ইউনিট এলএনজি বহন করে এনেছে।

এছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী ‘আল গালায়েল’ ও ‘লেব্রেথাহ’ যথাক্রমে ৫৭ হাজার ৬৬৫ এবং ৬২ হাজার ইউনিট এলএনজি নিয়ে বাংলাদেশের জলসীমায় অপেক্ষা করছে। এসব জাহাজের স্থানীয় এজেন্সির দায়িত্বে রয়েছে ইউনিগ্লোবাল।

অন্যদিকে এলপিজি আমদানির জন্য ওমানের সোহার বন্দর থেকে পানামার পতাকাবাহী দুটি জাহাজ বন্দরে পৌঁছেছে। ‘এলপিজি সেভান’ ২২ হাজার ১৭২ ইউনিট এবং ‘জি ওয়াইএমএম’ ১৯ হাজার ৩১৬ ইউনিট এলপিজি নিয়ে এসেছে। এই দুটি জাহাজ পরিচালনা করছে ইউনিক মেরিটাইম।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ৫ হাজার ১৯ ইউনিট এমইজি নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী ‘বে ইয়াসু’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।

বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারির আগে যাত্রা শুরু করা জাহাজগুলো দেশে পৌঁছালেও এর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে বেশ কিছু জ্বালানিবাহী জাহাজ আটকে পড়েছে।

এ পরিস্থিতিতে দেশে অযথা জ্বালানি কেনা বা প্যানিক বায়িং ঠেকাতে এবং মজুত স্বাভাবিক রাখতে শুক্রবার থেকে পেট্রোল পাম্পে জ্বালানি বিক্রিতে নির্দিষ্ট সীমা বা রেশনিং ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *