রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করার ঘটনায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া আগের বক্তব্য প্রত্যাহারের কথা জানান।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য বিএনপিকে ধন্যবাদ। আমি আমার আগের বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অপ্রয়োজনীয় অশান্তি সৃষ্টি করা হবে না।’
এর আগে পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করে বিএনপি। এর পরপরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন এনসিপির এই নেতা।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদন করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
মামলার আবেদনে তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। এরপর থেকেই তিনি বিভিন্ন সময়ে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
সূত্রঃ আমার দেশ
