একাত্তরের স্মৃতি ভুলিয়ে দিতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের ইতিহাস ও চেতনাকে ভুলিয়ে দেওয়ার জন্য একটি চক্র চেষ্টা করছে। কিন্তু আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছিলাম বলেই আজ এ পর্যন্ত আসতে পেরেছি। দেশের মানুষই ষড়যন্ত্র রুখে দেওয়ার সবচেয়ে বড় শক্তি।

রোববার (১২ অক্টোবর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচনী পদ্ধতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন বিলম্ব করার উদ্দেশ্যে কিছু দল পিআর নিয়ে আন্দোলনের নাটক করছে। এ দেশের জনগণ এই পদ্ধতি মেনে নেবে না। জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দিলে তা কখনোই গ্রহণযোগ্য হয় না। মানুষ আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়, এবং তারা পরীক্ষিত দলকেই বেছে নেবে।

তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি শুরুতে তত্ত্বাবধায়ক পদ্ধতির পক্ষে না থাকলেও জনচাহিদার প্রতি শ্রদ্ধা রেখে একরাতে সংসদে বিল পাস করেছিল। এরপরও বিএনপিকে নানা দোষারোপ করা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।

স্মরণসভায় বিএনপি নেতা আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছিল। আজ তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাবে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *