দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি নিঃশর্ত ক্ষমা চাই: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালসহ ১৯৪৭ থেকে বর্তমান পর্যন্ত দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি তাদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছেন।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও মত প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষ যেমন ভুল করতে পারে, একটি দলও ভুল করতে পারে। কোনটা সঠিক, কোনটা ভুল—এটা শেষ পর্যন্ত ইতিহাসই নির্ধারণ করবে। আজ যেটিকে ভুল বলা হচ্ছে, কাল সেটিই হয়তো সঠিক প্রমাণিত হবে।
তিনি আরও বলেন, আমরা একটি আদর্শিক দল। আমাদের বা আমাদের সহকর্মীদের কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমি তাদের কাছে শর্তহীনভাবে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়া কোনো পরাজয় নয়, বরং এটি মানবিকতা ও দায়িত্ববোধের প্রকাশ।
সূত্রঃ ইত্তেফাক
