উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার পদত্যাগ, নেতৃত্বে রাজনৈতিক প্রভাবের অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা সংগঠন থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৮ জুন) ও রবিবার (২৯ জুন) পৃথক ফেসবুক পোস্টে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন—উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম সিয়াম, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন, সিনিয়র সংগঠক মনিরুল ইসলাম শিমুল এবং মুখপাত্র রিয়াদুল রিমন সরকার।
ফেসবুক পোস্টে তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটি নিরপেক্ষ ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম ভেবে তারা এতে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সংগঠনের ভেতরে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রভাব বাড়তে থাকে, যা সংগঠনের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সেই কারণেই নৈতিক ও ব্যক্তিগত অবস্থান থেকে তারা সংগঠন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করা সাইফুল ইসলাম মিলন বলেন, পদত্যাগের মূল কারণ আমরা ফেসবুকে উল্লেখ করেছি, এর বাইরে কিছু বলতে চাই না।
এ বিষয়ে সংগঠনের বর্তমান সদস্য সচিব ইয়াসিন তালুকদার রহিত দাবি করেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অরাজনৈতিক সংগঠন, কেউ আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তবে ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো মতাদর্শে বিশ্বাস করেন, সেটা তো ঠেকানো সম্ভব না। তিনি আরও বলেন, “ফেসবুকে পদত্যাগের কথা জানালেও তারা কোনো লিখিত চিঠি দেয়নি।
সংগঠনের আহ্বায়ক রিফাত বিন জামানও নেতাদের অভিযোগ অস্বীকার করে বলেন, ফেসবুকে যেসব অভিযোগ এসেছে, সেগুলোর সত্যতা নেই। আমাদের সংগঠন অরাজনৈতিকই ছিল এবং এখনো রয়েছে। তবে কেউ যদি অন্য কোনো পথে যেতে চায়, সে ক্ষেত্রে আমরা তাকে আটকে রাখার পক্ষেও না।
উল্লেখ্য, সংগঠনের নেতৃত্বে ‘রাজনৈতিক প্রভাব’ নিয়ে প্রশ্ন তুলে একযোগে পাঁচ নেতার পদত্যাগে সংগঠনের অভ্যন্তরে অস্থিরতা ও বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে।
সূত্রঃ কালবেলা
