মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ১৫ দফার শান্তি পরিকল্পনার কথা বলছেন, কূটনীতিকদের মতে সেটি আসলে প্রায় এক বছর আগে পারমাণবিক আলোচনার সময় তার প্রতিনিধি দলের দেওয়া প্রস্তাবের সংক্ষিপ্ত সংস্করণ। ২০২৫ সালের মে মাসের শেষদিকে আলোচনার ভিত্তি ছিল এই মূল পরিকল্পনাটি। তবে ইসরাইলের বিমান হামলার পর সেই আলোচনা ভেঙে পড়ে। এখন ট্রাম্পের সাম্প্রতিক পরিকল্পনায় কী রয়েছে এবং আগের প্রস্তাবের সঙ্গে এর পার্থক্য কতটা—তা নিয়ে নানা আলোচনা চলছে।
যদি এই পরিকল্পনাটি আগের প্রত্যাখ্যাত প্রস্তাবের পুনরাবৃত্তি হয়, তাহলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র হয়তো আসন্ন আলোচনায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না, অথবা ট্রাম্প প্রকৃত অগ্রগতির চেয়ে বেশি অগ্রগতি হয়েছে বলে দেখাতে চাইছেন।
ইরানের অভিযোগ, জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকি স্থগিত রেখে ট্রাম্প মূলত মার্কিন বাজার খোলার আগে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন। ট্রাম্প নিজে বলেছেন, ১৫ দফা প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানো সম্ভব কি না তা দেখতে তিনি পাঁচ দিন সময় দিচ্ছেন। তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক দুই দিনে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে ইরান এ ধরনের কোনো সরাসরি আলোচনার কথা অস্বীকার করে জানিয়েছে, কেবল আলোচনায় ফেরার বিষয়ে পরোক্ষ যোগাযোগ হয়েছে।
২০২৫ সালের পরিকল্পনার কিছু অংশ এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, কারণ ২০২৬ সালে ইতোমধ্যে তিন দফা আলোচনা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলোচনায় সংশ্লিষ্ট কূটনীতিকদের মতে, যুক্তরাষ্ট্র নতুন কোনো খসড়া তৈরি করেছে—এমন প্রমাণ নেই। এমনকি নতুন কিছু থাকলেও তা এখনো ইরানের কাছে উপস্থাপন করা হয়নি।
২০২৫ সালের ওই ১৫ দফা পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র ‘টার্ম শিট’ হিসেবে উল্লেখ করেছিল। এতে এমন কিছু শর্ত ছিল, যা ইরানের জন্য মেনে নেওয়া কঠিন। যেমন—নিষেধাজ্ঞা শিথিলের ফলে পাওয়া অর্থ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ এবং শুধু পারমাণবিক সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব, মানবাধিকার-সংক্রান্ত নিষেধাজ্ঞা নয়।
এছাড়া প্রস্তাবে বলা হয়েছিল, ইরান তার ইউরেনিয়াম মজুদ বিদেশে পাঠাবে এবং সমৃদ্ধকরণ মাত্রা কমিয়ে আনবে। স্বল্প সময়ের মধ্যে সমৃদ্ধকরণ স্থাপনাগুলো অকার্যকর করে ফেলা এবং সেন্ট্রিফিউজ বন্ধ করার কথাও ছিল। এর বিনিময়ে ইরানের বাইরে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র।
একই সঙ্গে ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় কয়েকটি দেশকে নিয়ে একটি আঞ্চলিক সমৃদ্ধকরণ কনসোর্টিয়াম গঠনের প্রস্তাবও ছিল, যেখানে বিদেশি ব্যবস্থাপনার সম্ভাবনা উল্লেখ করা হয়।
সম্ভাব্য নতুন আলোচনায় ইরান চাইবে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে সামরিক হামলা চালাবে না—এমন নিশ্চয়তা। পাশাপাশি হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
সব মিলিয়ে বিশ্লেষকদের মতে, এবারের আলোচনা আগের চেয়ে আরও জটিল হতে পারে, কারণ এখন বিষয়টি শুধু পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আলোচনার প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যা ইরানের জন্য কিছুটা ইতিবাচক বার্তা হতে পারে।
অন্যদিকে, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও জি-৭ জোটের অন্যান্য দেশের মধ্যে মতপার্থক্য বাড়ছে। প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে এই বিভাজন আরও স্পষ্ট হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এতে অংশ নেবেন, তবুও ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা ও জাপান ইতোমধ্যে জানিয়েছে, তারা এই সংঘাতকে সমর্থন করে না এবং এটিকে অপ্রয়োজনীয় ও বেআইনি মনে করে।
সূত্রঃ মানবজমিন
