ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন তিনি।
ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ডিবির একটি দল বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
শফিকুল ইসলাম জানান, মাসুদের বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে সেসব মামলার বিস্তারিত তিনি জানাতে পারেননি।
২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করা মাসুদ উদ্দিন চৌধুরী ওই বছরের এক-এগারোর পর গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন।
পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি ২০১১ সালের জুন পর্যন্ত ওই পদে বহাল ছিলেন।
রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এরপর এক পর্যায়ে একই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, তবে কয়েকদিনের মধ্যে জাতীয় পার্টির মনোনয়নও নেন। পরদিনই তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
সূত্রঃ একুশে
