আড়াইশ কোটি টাকার শেয়ার কারসাজির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সাকিব আল হাসানসহ সংশ্লিষ্ট ১৫ জনের বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পুঁজিবাজারে আলোচিত এই কারসাজির ঘটনায় সম্প্রতি বিএসইসি থেকে তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন দুদকের তদন্ত কর্মকর্তারা।
গত বছরের জুনে দায়ের হওয়া দুদকের মামলায় অভিযোগ করা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রভাবিত করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
মামলার তথ্যমতে, আলোচিত শেয়ার কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেড–এর শেয়ারে বিনিয়োগ করেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে তিনি বাজার কারসাজিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে শেয়ার কেনাবেচায় উৎসাহিত করেন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও সাকিব আল হাসান–সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করছে দুদক।
সূত্রঃ ইত্তেফাক
