হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের টয়লেট প্যানেলের ভেতর থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
শনিবার (২৮ মার্চ) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, বিজি-৩৪৮ নম্বর ফ্লাইটটি বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণের আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়। পরে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম।
উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। পরে সেগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্রঃ ইত্তেফাক
