একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় খালাস পেলেন সাবেক আ.লীগ নেতা মোবারক হোসেন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ২২ জুলাই রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছিল।
মোবারকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়।
পরে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেন। চলতি বছরের ৮ জুলাই থেকে শুনানি শুরু হয়, যার পরিসমাপ্তিতে আজ তাকে খালাস দেওয়া হয়।
সূত্রঃ একুশে
