আওয়ামী লীগ ঘনিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্বদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর পল্টন ও বিজয়নগর এলাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ’ ও ‘আগামীর বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।
রাশেদ প্রধান অভিযোগ করেন, শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করতে ও বিএনপি-জামায়াতকে জঙ্গি হিসেবে তুলে ধরতে কিছু মিডিয়া ব্যক্তিত্ব আওয়ামী লীগের প্রচারে ব্যবহৃত হয়েছেন। এদের কেউ কেউ সরকারি প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন।
তিনি বলেন, মুজিববর্ষসহ বিভিন্ন প্রকল্পে সরকারের ভেতরে থেকে যারা প্রোপাগান্ডা চালিয়েছেন, তারা জনগণের অর্থ অপচয় করেছেন এবং হিন্দুস্তানপন্থী সংস্কৃতি চাপিয়ে দিয়েছেন।
রাশেদ প্রধান আরও দাবি করেন, অবৈধ এমপি হিসেবে আসাদুজ্জামান নূর গ্রেপ্তার হলেও গাউসুল আলম শাওন, সাব্বির রহমান তানিম, ফরহাদুল ইসলাম, ফাহাদ করিমসহ অনেকেই এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছেন।
তিনি অভিযোগ করেন, সিআরআই’র নির্দেশনায় তৈরি হওয়া আওয়ামী কৌশলগুলোর পেছনে কারা রয়েছে, সেটিও তদন্ত হওয়া উচিত। আওয়ামী গুজব-প্রচারণা এবং ডিজিটাল প্রোপাগান্ডার পেছনে যারা আছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
সভায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার নেতা আসাদুজ্জামান বাবুল প্রমুখ।
সূত্রঃ কালবেলা
