বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সম্ভাব্য আঘাতের স্থান ও সময় নিয়ে শঙ্কা

আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সাগরে ক্রমাগত শক্তি সঞ্চয় করে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ইতোমধ্যে সম্ভাব্য এই ঝড়ের গতিপথ সম্পর্কে প্রাথমিক পূর্বাভাস দিয়েছে আইএমডি। তবে এটি শেষ পর্যন্ত কোন উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম দেওয়া হবে ‘আকভান’।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ সময় ধীরে ধীরে এর শক্তিও বাড়বে। সবকিছু অনুকূলে থাকলে ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর সাগরে অবস্থান করে শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে ঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে অগ্রসর হবে কিংবা কোথায় আঘাত হানবে, তা এখনো নিশ্চিত নয়। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপটির গতিপ্রকৃতি এবং শক্তি বৃদ্ধির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর পরবর্তী অবস্থান ও গতিবিধি সম্পর্কে আরো তথ্য পাওয়া গেলে সম্ভাব্য আঘাতের স্থান এবং উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।

সূত্র: দ্য উইক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *