হাসিনার পাসপোর্টের আবেদন ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য জানালেন জয়সওয়াল

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং তাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত। এ ক্ষেত্রে প্রচলিত নিয়ম ও আইন অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশি কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করেছে বলেও জানা গেছে। এ অবস্থায় কোনো বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে ভারত এ বিষয়ে কোনো উদ্যোগ নেবে কি না কিংবা বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে কি না।

জবাবে জয়সওয়াল বলেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে দেশটির হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা উচিত। এ বিষয়ে তারাই সবচেয়ে ভালোভাবে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে।

পরে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না এবং পাসপোর্ট না থাকলে প্রত্যর্পণ সম্ভব কি না, এমন প্রশ্ন করা হয়। উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। আগেও এ কথা বলা হয়েছে এবং আইন ও নির্ধারিত নিয়ম মেনেই এর সমাধান করা হবে।

তিনি আরও বলেন, সাধারণভাবে একজন ব্যক্তির বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকতে হয়। তবে পাসপোর্ট ছাড়া প্রত্যর্পণের ক্ষেত্রে যেসব প্রযুক্তিগত ও আইনি বিষয় জড়িত রয়েছে, সেগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *