সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কনস্যুলার কর্মকর্তাদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।

রোববার (২৫ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।

এদিকে, ১৫৩তম আইপিইউ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতি আইপিইউর নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় কমিটি।

বৈঠকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়।

কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিটির বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *