এপ্রিল নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্ভাব্য: মির্জা ফখরুল

মির্জা ফখরুল: “১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে আওয়ামী লীগ অবৈধ ক্ষমতা ধরে রেখে দেশে দুঃশাসন কায়েম করেছে এবং একে একে সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।

বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীর তুরাগের রানাভোলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “কারাগারে থাকতে দেখেছি—এক বৃদ্ধ বিএনপি কর্মী, নাম বোরহান, কয়েদির পোশাক পরে ঝাড়ু দিচ্ছেন। দৃশ্যটি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। আওয়ামী লীগ যেটা বলে, সেটা আইন হয়ে যায়—এমন একটি অবস্থা গড়ে তুলেছে তারা।”

তিনি বলেন, “উত্তরায় আমার বাসার ডিশ সংযোগ দিতেন তুষার নামে এক তরুণ ব্যবসায়ী। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার ব্যবসা কেড়ে নিয়েছে। কিন্তু আমরা বিএনপিতে এমন আচরণে বিশ্বাস করি না। অন্যায় প্রতিশোধের নামে অন্যায়ের প্রশ্রয় দেব না।”

ফখরুল বলেন, তারেক রহমানই এ দেশের যোগ্য রাষ্ট্রনায়ক। লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচন এপ্রিলের বদলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৈঠকের কারণে একটি রাজনৈতিক দল অসন্তুষ্ট—তারা জানে নির্বাচনে কে জিতবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা জনগণের দল, জনগণের স্বার্থেই রাজনীতি করি। সরকারে এলে সর্বপ্রথম এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করবো। তরুণদের দিয়ে সরকার পরিচালিত হবে। এখন যারা চাঁদাবাজি করছে, তারা মূলত পেশাদার অপরাধী। বিএনপিতে তাদের কোনো জায়গা নেই।”

তিনি স্মরণ করিয়ে দেন, “১৯৯১ সালের নির্বাচনে বিএনপি কত আসন পাবে, কেউ নিশ্চিত ছিল না। তবে আমাদের ভাবমূর্তি ছিল স্বচ্ছ, তাই জনগণ আমাদের ভোট দিয়েছিল।”

সভায় সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, সদস্য সচিব মো. মোস্তফা জামান এবং যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন ও এ বি এম আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আব্দুস সালাম, মোস্তফা সরকার, আলমগীর হোসেন শিশির, জহিরুল ইসলাম, আলমাছ আলী, চান মিয়া বেপারীসহ স্থানীয় নেতারা।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *