হাদি হত্যা মামলার আসামি ফয়সাল ও আলমগীরকে দিল্লিতে নিয়ে গেছে এনআইএ।

বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ মার্চ) রাতে কলকাতা থেকে বিমানে করে তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার তাদের এনআইএর বিশেষ আদালতে হাজির করা হতে পারে।

এর আগে ২২ মার্চ এনআইএ কলকাতার বিধাননগর আদালতে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের আবেদন করে, যা বিচারক প্রাথমিকভাবে মঞ্জুর করেন। তবে পরদিন সকালে সংস্থাটি নতুন করে আবেদন জানিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কার কথা উল্লেখ করে সেখানে জেরা করতে অনীহা প্রকাশ করে।

পরবর্তীতে আদালত তাদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দিলে সেই অনুযায়ী রাতেই স্থানান্তর সম্পন্ন করা হয়। এর আগে রোববার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় ফয়সাল দাবি করেন, তিনি হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেলেও গুলি চালানোর কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি বাংলাদেশে ছিলেন। তবে ভারতে যাওয়ার কারণ সম্পর্কে তিনি স্পষ্ট কিছু জানাননি।

এদিকে, একই মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাকে আগামী ৩ এপ্রিল আবার আদালতে তোলা হবে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *