গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিতে পারবে না ইসরাইল: আইসিজের রায়
ইসরাইল গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা নিশ্চিত করতে বাধ্য— এমন রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে আদালত এই রায় ঘোষণা করে। খবর— টিআরটি ওয়ার্ল্ডের।
রায়ে আদালত জানায়, জেনেভা কনভেনশনের অধীনে ইসরাইলের বাধ্যবাধকতা রয়েছে—তৃতীয় দেশ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি কিংবা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে।
আইসিজে জানায়, ইসরাইল মার্চ মাস থেকে গাজায় মানবিক ও চিকিৎসা সরবরাহ বন্ধ রেখেছে এবং মে মাসের মাঝামাঝি থেকে সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, “দখলদার কোনো শক্তি নিরাপত্তার অজুহাতে মানবিক কার্যক্রম স্থগিত করতে পারে না।”
আদালত আরও স্পষ্ট করে জানায়, আন্তর্জাতিক আইনের অধীনে ইসরাইল অধিকৃত ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষা, সম্মান ও নিশ্চিতে বাধ্য।
রায়ে বলা হয়, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূমির ওপর সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অধিকার ইসরাইলের নেই। পাশাপাশি আদালত সতর্ক করে বলে—বেসামরিক জনগণকে অনাহারে রাখাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ, এবং ইসরাইলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আইসিজের সিদ্ধান্তকে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, ইসরাইল আদালতের রায় মেনে চলবে।
অন্যদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এক্স (পূর্বে টুইটার)–এ লিখেছেন, ইসরাইল আইসিজের এই পরামর্শমূলক রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। এটি শুরু থেকেই অনুমেয় ছিল—এটি আন্তর্জাতিক আইনের আড়ালে রাজনৈতিক চাপ প্রয়োগের আরেকটি প্রচেষ্টা।
সূত্রঃ আমার দেশ
