বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং এখনো একই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ হিসেবে অভিহিত করে জামায়াত মুক্তিযুদ্ধের প্রকৃত যোদ্ধাদের গভীরভাবে অপমান করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে বর্তমান সময়ের তুলনা টানা কোনোভাবেই যুক্তিসংগত নয়। স্বাধীনতার প্রশ্নে জামায়াতের অবস্থান ছিল স্পষ্টভাবে দেশবিরোধী, যা আজও পরিবর্তন হয়নি। তার মতে, গোলাম আযম ও নিজামীকে ‘সূর্যসন্তান’ বলা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও গৌরবকে খাটো করারই নামান্তর।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, সংকীর্ণ স্বার্থে দেশকে বিভক্ত করে জনগণকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে। তিনি এসব বিভাজনমূলক তৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সূত্রঃ কালবেলা
