বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আবার নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আজও তারাই নানা ষড়যন্ত্রে লিপ্ত। তবে মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী জনগণ সব অপচেষ্টা প্রতিহত করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল, তারই চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। এই দিনটি বিএনপির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সে কারণেই দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে তারা সমাধিতে এসেছেন।
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের অন্যতম প্রহরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, তারা আশা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও গতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি।
কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ আরও অনেক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
সূত্রঃ ইত্তেফাক
