শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই গ্রহণ করা উচিত : সারজিস

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান সারজিস আলমের, শাহবাগ ছাড়লেন আন্দোলনরত শিক্ষকরা

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবিকে ‘যৌক্তিক’ বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এসব দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ২৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সারজিস আলম লেখেন, “শিক্ষকদের দুর্দশাগ্রস্ত রেখে জাতির অগ্রগতি কখনোই সম্ভব নয়। আমাদের সম্মানিত শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে।”

একই দিনে বিকেলে আন্দোলনরত শিক্ষকরা শাহবাগ মোড় থেকে অবস্থান তুলে নেন। তবে সরকারের প্রতি তিনটি দাবির দ্রুত বাস্তবায়নের জন্য সময় বেঁধে দিয়েছেন তারা। আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

বুধবার বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারের দিকে চলে যান। এ সময় শাহবাগ মোড় থেকে তাদের অবস্থান তুলে নেওয়ায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, দুপুর ২টার দিকে শিক্ষকদের একটি অংশ শাহবাগে অবস্থান নেয়। সেসময় তারা সাফ জানিয়ে দেন—“এবার আর প্রতিশ্রুতি নয়, চাই প্রজ্ঞাপন। না হলে অবস্থান থেকে সরব না।” শহীদ মিনার থেকে শাহবাগমুখী শিক্ষকদের রাস্তায় বাধা দেয় পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

এর আগে শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচি থেকেই শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণাও দেন।

শিক্ষকদের প্রধান দাবি

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান
  • চিকিৎসা ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করা
  • কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা
  • এবং শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ

তাদের অভিযোগ, এসব দাবির বিষয়ে এখনো সরকার কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি বা প্রজ্ঞাপন জারি করেনি, যা হতাশাজনক।

আন্দোলনের প্রেক্ষাপট

গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ৫ অক্টোবর এ ঘোষণা প্রকাশিত হলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন।

৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে একটি প্রস্তাব পাঠায়, যাতে বাড়িভাড়া ভাতা ২ থেকে ৩ হাজার টাকা করার সুপারিশ করা হয়।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পেলেও তাদের জন্য বাড়িভাড়া ভাতা মাসে ১ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা। উৎসব ভাতা সম্প্রতি ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হলেও শিক্ষকরা তা ৭৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন।

আরও কর্মসূচির ঘোষণা

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গেলে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে যান আন্দোলনরত শিক্ষকরা। সেখান থেকেই তারা আলটিমেটাম দেন—বুধবার সকাল ১১টার মধ্যে দাবি না মানলে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং প্রয়োজনে আমরণ অনশনেও যাবেন।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *