ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর একটি গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাস ও সেনাবাহিনীর গাড়ি দুটিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নিহতরা হলেন—বাসচালক বিশু, সেনাবাহিনীর গাড়ির চালক সার্জেন্ট রেজাউল করিম এবং এক অজ্ঞাত পথচারী।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হন। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

গুরুতর আহত অন্তত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতরদের মেডিকেলে পাঠানো হয়েছে।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *