‘শাপলা’ প্রসঙ্গে ব্যাখ্যা চাওয়া হলে দুই ঘণ্টা নীরব থাকে নির্বাচন কমিশন: নাসীরুদ্দীন

শাপলা প্রতীক নিয়ে ইসির সঙ্গে বৈঠক, দুই ঘণ্টা নিশ্চুপ ছিল কমিশন: এনসিপি

‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্তির দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাইলে দুই ঘণ্টা ধরে কোনো উত্তর দেয়নি তারা।

বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, “আমরা শাপলা প্রতীক পেতে আইনগত কিংবা রাজনৈতিক কোনো বাধা দেখছি না। সেই বিষয়টিই আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। কিন্তু তারা কোনো জবাব দেয়নি। আমরা ধরে নিচ্ছি, তারা এতে মৌন সম্মতি দিয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছিল, আমরা দিয়েছি। এখন আমরা তাদের কাছে ব্যাখ্যা চাইলাম—কেন শাপলা প্রতীক দিচ্ছেন না। কিন্তু দুই ঘণ্টা কোনো জবাব দেয়নি। আমরা স্পষ্ট করে দিয়েছি, এনসিপি শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না, আর শাপলা ছাড়া আমাদের নিবন্ধন গ্রহণযোগ্যও হবে না।”

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে সিইসির কার্যালয়ে বৈঠকে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বৈঠকে দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দের দাবি পুনর্ব্যক্ত করেন তারা।

নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, ‘শাপলা’ প্রতীক কাউকে বরাদ্দ দেওয়া হবে না, কারণ এটি নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত নয়। ৩০ সেপ্টেম্বর ইসির পক্ষ থেকে এনসিপিকে অন্য প্রতীক বেছে নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয় এবং ৭ অক্টোবরের মধ্যে মতামত জানাতে বলা হয়।

তবে নির্ধারিত সময়েই ইসির প্রস্তাব প্রত্যাখ্যান করে, নির্বাচন পরিচালনা বিধি সংশোধন করে ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানায় এনসিপি। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম চিঠিতে উল্লেখ করেন—‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’—এই তিনটির যেকোনো একটি প্রতীক বরাদ্দের প্রত্যাশা করছে দলটি।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *