৫ আগস্ট প্রকাশ পাবে জুলাই ঘোষণাপত্র: অন্তর্বর্তী সরকার
অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে। শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে।
এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার (১ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জানান, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই তা ঘোষিত হবে। গণআকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রেখে এর বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”
গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই এই ঘোষণাপত্র দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনার বিষয়। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা হিসেবে দেখা হয়।
অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে অন্তর্বর্তী সরকার সম্প্রতি ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠিয়েছে। এ নিয়ে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক ও মতবিনিময় করেছে।
সূত্রঃ একুশে
