অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত, ঋণ পরিশোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কি না।
জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী সরকারের বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি আরও বলেন, সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধে সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়। ওই বরাদ্দ ব্যবহার করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সারা বছর ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সূত্রঃ একুশে
