বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ফোন ভাঙচুর

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ভাঙচুর

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা ‘আমার দেশ’ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, তিনি সকাল থেকে কার্যালয়ে অবস্থান করছিলেন। বিকালে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করেই কয়েকজন ব্যক্তি তাকে টেনে নিয়ে মারধর শুরু করে।

জাহিদুল ইসলাম বলেন, আমি ভিডিও রেকর্ড করছিলাম। হঠাৎ তিন থেকে চার জন এসে আমাকে টেনে নিয়ে যায়, আমার মোবাইল ভেঙে ফেলে এবং প্রেস কার্ড কেড়ে নেয়। আমি বলেছিলাম, ভিডিও নিষিদ্ধ হলে আমি মুছে ফেলব, কিন্তু তারা আমার কথা শোনেনি এবং আমাকে মারধর করে কার্যালয়ের বাইরে ফেলে দেয়।

এ সময় ‘ডেইলি স্টার’ সংবাদপত্রের সাজ্জাদ, ‘নয়া দিগন্ত’-এর অসীম আল ইমরান এবং ‘জাগো নিউজ’-এর খালিদ হোসেনও একইভাবে হেনস্তার শিকার হন বলে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা জানিয়েছেন।

এই ঘটনায় বিএনপি বিটের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ভাঙচুর এবং আইডি কার্ড ছিনিয়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাইকে একত্রে এই ঘটনার প্রতিবাদ জানাতে হবে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, আমরা বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে অবগত। দায়ীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদেরও অবহিত করা হয়েছে। তারা উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *