বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিশ্বের কোনো দেশেই সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতারা।
মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের উদ্যোগে আয়োজিত ‘আগামীর বায়রা: নতুন সদস্যদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম।
এ সময় আরও বক্তব্য রাখেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আকবর হোসেন মঞ্জু এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দেশের কিছু জনশক্তি রপ্তানিকারক বিদেশে বসে সিন্ডিকেট গড়ে তুলে এই খাত নিয়ন্ত্রণের অপচেষ্টা করছে। তবে বিশ্বের কোনো প্রান্তেই জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে এ ধরনের সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তারা আরও জানান, আগামীর বায়রা নির্বাচনে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট জয়ী হলে নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জনশক্তি রপ্তানিসংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দেশগুলোতে বায়রার শাখা কার্যালয় স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন নেতারা।
সূত্রঃ ইত্তেফাক
