আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে: প্রধান উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।

সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

পুলিশের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। শনাক্ত হওয়া অন্য সন্দেহভাজনদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় ভিডিও ফুটেজের মাধ্যমে তিনজনকে শনাক্ত করা হয়েছে বলেও বৈঠকে অবহিত করা হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *