জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষক আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শতাধিক শিক্ষক মিছিল শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এসময় শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে অন্তত ২০ জন আহত হন।
লালমনিরহাটের হাতিবান্ধা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মো. আব্দুস সালাম আজাদ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম দাবি জানাতে, কিন্তু পুলিশ বাধা দেয়। পরে আমাদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করা হয়। এটা অত্যন্ত দুঃখজনক—একটি দেশে শিক্ষকদের ওপর হামলা হতে পারে কিভাবে! কেউ মারা গেলেও আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না দাবি পূরণ হয়।
জয়পুরহাট থেকে আসা শিক্ষক আব্দুল খালেক বলেন, আমরা ইবতেদায়ি শিক্ষাকে জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। সরকার চাইলে আজই আমাদের দাবি পূরণ করতে পারে, কিন্তু তারা বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে।
ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।
সূত্রঃ কালবেলা
