মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত শীর্ষ মাদককারবারি লিটন কসাই (৪০) গ্রেপ্তার হয়েছেন। এলাকায় তিনি ‘লিটন ইয়াবা বদি’ নামেও পরিচিত। হত্যা ও মাদকসহ মোট ১৫টি মামলার আসামি তিনি।
রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। লিটন কসাই ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তিনি পূর্বে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করতেন।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই পেশার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। মাদক বিক্রির অর্থে তিনি তিনটি বাড়ি এবং কোটি টাকার বেশি সম্পদ গড়ে তোলেন। দীর্ঘ অনুসন্ধানের পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
সূত্রঃ কালবেলা
