প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ইউকেএম-এর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
বুধবার কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চ্যান্সেলরের কাছ থেকে ডিগ্রির সনদ গ্রহণ করেন প্রফেসর ইউনূস। সামাজিক ব্যবসার প্রসার ও বৈশ্বিক কল্যাণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে তাঁকে স্বাগত জানান। পরে এক আবেগঘন পরিবেশে বক্তব্য দেন প্রফেসর ইউনূস।
এ সময় মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, ইউকেএম-এর শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত তাঁর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুরে পৌঁছান।
সূত্রঃ একুশে
