নতুন সংসদের কার্যক্রম শুরুর দিনেই গণভোটের জনরায় উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) অনুমোদিত হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত ২০৯ জন সদস্য কেবল এমপি হিসেবে শপথ নিয়েছেন; সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
সংশ্লিষ্ট মহলের মতে, বিএনপির এ অবস্থানের ফলে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া শুরুতেই বাধার মুখে পড়েছে এবং এতে নতুন রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হতে পারে।
বিএনপির যুক্তি হলো, বর্তমান সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর উল্লেখ নেই। সংবিধানের তৃতীয় তফসিলে বিভিন্ন সাংবিধানিক পদের শপথের বিধান থাকলেও সেখানে সংসদ সদস্যদের শপথের কথা বলা হয়েছে, সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথের বিধান নেই। তাদের মতে, প্রধান নির্বাচন কমিশনারেরও এ ধরনের শপথ পড়ানোর সাংবিধানিক এখতিয়ার নেই।
সূত্রঃ আমার দেশ
