ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে নিউইয়র্কে নিয়ে আসার ঘটনার পর এবার কলম্বিয়া ও কিউবার সরকারকে লক্ষ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৪ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতির বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, কলম্বিয়া বর্তমানে একজন ‘মানসিকভাবে অসুস্থ’ নেতার অধীনে পরিচালিত হচ্ছে, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহে আগ্রহী।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, কলম্বিয়ার বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ট্রাম্পের এসব মন্তব্য নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।
সাংবাদিকরা যখন জানতে চান, ভেনেজুয়েলার মতো কলম্বিয়াতেও সামরিক অভিযানের কোনো পরিকল্পনা আছে কি না, তখন ট্রাম্প ইঙ্গিতপূর্ণ জবাব দিয়ে বলেন, ‘শুনতে মন্দ নয়।’ একই সঙ্গে তিনি কিউবার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন।
ট্রাম্পের মতে, কিউবা বর্তমানে চরম দুর্বল অবস্থায় রয়েছে এবং সেখানে সামরিক হস্তক্ষেপ ছাড়াই সরকারের পতন ঘটতে পারে। তিনি বলেন, কিউবার অর্থনীতির প্রধান ভরসা ছিল ভেনেজুয়েলা ও সেখানকার জ্বালানি তেল। এখন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে চলে আসায় কিউবার সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে মার্কিন বিশেষ বাহিনী ‘ডেল্টা ফোর্স’ অভিযান চালায়। অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের সুরক্ষিত আশ্রয়স্থল থেকে আটক করে প্রায় ২ হাজার ১০০ মাইল দূরে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।
মাদক পাচারের গুরুতর অভিযোগে ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মামলা করেছে এবং সোমবার স্থানীয় সময় দুপুরে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে। ভেনেজুয়েলার এই নাটকীয় পরিবর্তনের পর ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যাপক আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সূত্র: ইত্তেফাক
