স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ববোধ, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম, যেখানে পুলিশের ভূমিকা অপরিসীম। নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালনকারী প্রতিটি পুলিশ সদস্যই জনগণের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হবে। এ কারণে পুলিশকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ২৩তম ব্যাচের কার্যক্রম পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোমধ্যে ২২টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, যেখানে মোট ১৮ হাজার ১৫০ জন পুলিশ সদস্য সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে মোট ২৮টি ব্যাচে ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।
সূত্রঃ একুশে
