ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকা রণধীর জয়সওয়াল

ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে ভারত।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়স্বাল বলেন, সম্প্রতি একজন হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং আশা করছেন, দায়ীদের আইনের আওতায় আনা হবে।

গত সপ্তাহে ময়মনসিংহে একদল লোক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে। পরে তার মরদেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়া হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘ধর্মীয় উস্কানি’ হিসেবে দেখা হলেও পুলিশি তদন্তে ভিন্ন তথ্য উঠে আসে। নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে জানা যায়, মূলত কর্মস্থলসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এ বিষয়ে রণধীর জয়স্বাল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে ভারত অবগত রয়েছে এবং সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট ও ধারাবাহিক। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় এবং দেশটির শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে।

এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষেও ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *