যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ফের সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি ইসরাইলের
যুদ্ধবিরতির মধ্যে থাকা সত্ত্বেও গাজায় আবারও সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, অবশিষ্ট জিম্মিদের মুক্তির পর হামাসকে নির্মূল করতে গাজায় নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
কাৎজ বলেন, জিম্মিদের উদ্ধারের পর আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক ব্যবস্থার আওতায় গাজার সকল সুড়ঙ্গ ধ্বংস করা। তিনি আরও জানান, গাজাকে বেসামরিকীকরণ এবং হামাসকে নিরস্ত্র করা— এই দুই লক্ষ্য অর্জনের মাধ্যমেই ইসরাইলের নীতি বাস্তবায়ন করা হবে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তিনি ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনীকে অভিযানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছে। কিন্তু তারপরও কাৎজের এই বক্তব্য স্পষ্ট করে যে, ইসরাইল এই বিরতিকে স্থায়ী শান্তির সূচনা হিসেবে নয়, বরং সাময়িক বিরতি হিসেবে দেখছে— যার পরই আবার অভিযান চালানো হবে।
ইসরাইলি সেনাবাহিনীকে প্রকাশ্যেই অভিযানের প্রস্তুতির নির্দেশ দেওয়া, যুদ্ধবিরতির চুক্তিকে লঙ্ঘনের ইঙ্গিত দেয় এবং বড় ধরনের সামরিক অভিযান শুরুর সম্ভাবনা উস্কে দেয়।
ইতোমধ্যে ইসরাইলের আগের সামরিক অভিযানে গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।
সূত্রঃ আমার দেশ
