জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ঘিরে নয়; বরং এটি বাংলাদেশের স্বার্থ এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে রক্ষার সংগ্রাম।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তারা শহীদ পরিবার ও যোদ্ধাদের পাশে পুরোপুরি থাকতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের জন্য আগের সরকারের তুলনায় কতটা কার্যকর ভূমিকা রেখেছে, তা দেখার বিষয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়নে বর্তমান সরকারের অনীহার লক্ষণ দেখা যাচ্ছে।
তিনি সবাইকে উদ্দেশ করে বলেন, আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ রয়েছে। এটি কোনো দল বা জোটের বিষয় নয়; বরং দেশ ও গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষার লড়াই। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে থাকতে হবে।
নাহিদ ইসলাম বলেন, উপস্থিত সবার মধ্যেই একই ধরনের উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আবারও ঐক্যবদ্ধ এবং রাজপথে নামার জন্য প্রস্তুত।
তিনি বলেন, অতীতের আন্দোলনে অনেকেই সন্তান, হাত বা পা হারিয়েছেন। এবার তাদের সামনে না রেখে, মঞ্চে থাকা নেতারাই অগ্রভাগে থাকবেন।
তিনি আরও বলেন, গুলি এলে তা আগে তাদের বুকেই লাগবে। শহীদ পরিবার ও যোদ্ধাদের কাছে তিনি সহযোগিতা ও দোয়া কামনা করেন। তার বিশ্বাস, নতুন বাংলাদেশ ও কাঙ্ক্ষিত সংস্কার একদিন বাস্তবায়িত হবেই।
তিনি সতর্ক করে বলেন, শুধু বিএনপি নয়, দেশীয় বা বিদেশি যেকোনো শক্তির বিরুদ্ধেই তারা প্রতিরোধ গড়ে তুলবেন এবং শেষ পর্যন্ত জয়ী হবেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সূত্রঃ কালবেলা
