১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত ঘোষণা আসার কথা থাকলেও তা শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা হলে ১১ দলের উদ্যোগে যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, তা বিশেষ কারণে আপাতত বাতিল রাখা হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে জানান, জোটের কিছু অভ্যন্তরীণ প্রস্তুতির কাজ এখনো সম্পন্ন হয়নি। মূলত সে কারণেই পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে পরবর্তী তারিখ ও সময় নির্ধারণ করে তা গণমাধ্যমকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সকালে সাড়ে ১১টার দিকে জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। জানানো হয়, বিকেলে ১১ দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা ও নির্বাচনী রূপরেখা তুলে ধরতে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

তবে সংবাদ সম্মেলন স্থগিতের পেছনে নির্দিষ্ট কোনো কারণ বা কোন শরিক দলের সঙ্গে আলোচনার কোন বিষয় অমীমাংসিত রয়েছে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক বৈঠক করে। ওইদিন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের গণমাধ্যমকে জানিয়েছিলেন, দুই পক্ষের আলোচনা ইতিবাচক হয়েছে। তিনি বলেছিলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং বুধবার যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনের আগে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং এরপর আসন সমঝোতায় কোন দল কতটি আসন পাবে—সে বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *